সিরাজগঞ্জের মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৯:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ মিছিল বের করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার ভোরে যুবলীগের নেতাকর্মীরা মহাসড়কের শহীদনগর-বাগবাড়ি এলাকায় এ ঝটিকা মিছিল বের করেন।
মিছিলের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি পোস্ট করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা যুবলীগের সাবেক নেতা একরামুল হকের সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
তারা ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হই হই রই রই, বিএনপি গেলি কই’ এবং ‘হই হই রই রই, জামায়াত-শিবির গেলি কই’—এমন স্লোগান দেন।
ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে সড়কের পাশ দিয়ে পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। এ সময় মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘কেউ কাছে আসবি না, কেউ সামনে আসবি না।’
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে এ বিষয়ে কামারখন্দ থানার ওসি হাশমত আলী আলোকিত বাংলাদেশকে বলেন, ঝটিকা মিছিলটি কামারখন্দ উপজেলা এলাকায় হয়েছে। তবে ওই মহাসড়ক যমুনা সেতু পশ্চিম থানার আওতাধীন বলে তিনি উল্লেখ করেন।
