নিরাপদ সড়কের দাবিতে কক্সবাজারে জেলা প্রশাসন ও বিআরটিএর রোড শো

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৯:৩২ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোড শো ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোড শোর উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং কক্সবাজার জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি জসিম উদ্দিন কিশোর।

এ সময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাসচালক, পরিবহনশ্রমিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।