ইনানী সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৮:০৭ | অনলাইন সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর শান্ত (১২) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্রোতে ভেসে যাওয়া আরও ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা সৈকতের উত্তর পয়েন্ট থেকে শান্তকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম ও ধানমন্ডির ফয়েজুল উলুম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সৈকতে বেড়াতে আসে। ফুটবল খেলার পর ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসলে নামলে প্রবল স্রোতে ভেসে যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন, বিচকর্মী, পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল শান্ত। পরে প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর তার মরদেহ উদ্ধার করা হয়।
ইনানী বিচকর্মী বেলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। যৌথ অভিযানে ১৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও শান্তকে পরে সৈকতের উত্তর পয়েন্ট থেকে উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
