উল্লাপাড়ায় পানি সরবরাহের আগেই ১৫০ মিটার চুরি, গ্রেপ্তার ৫
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৮:২৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় বিশুদ্ধ পানি শোধনাগারের সাপ্লাই লাইনে পানি সরবরাহ শুরুর আগেই ১৫০টি রিডিং মিটার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ভাইসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর এলাকার এনায়েতপুর মালঘাট মহল্লার শাকিল (৩১), তার ভাই মোস্তাকিন (২৫) ও বাবু (২০), এনায়েতপুর মল্লিকপাড়া মহল্লার বাদল (২২) এবং নেওরগাছা মহল্লার দোকানি মজিবর রহমান (৬০)। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মেহেদী হাসান আলোকিত বাংলাদেশকে জানান, উল্লাপাড়া পৌর এলাকার করতোয়া নদীর তীরে বিপুল টাকা ব্যয়ে একটি বিশুদ্ধ পানি শোধনাগার স্থাপন করা হয়েছে। এ শোধনাগার থেকে সরবরাহ লাইনে পানি দেওয়া শুরুর আগেই পৌর এলাকার বিভিন্ন মহল্লার গ্রাহকদের বাড়িতে মিটার স্থাপন করা হয়। অল্প দিনের মধ্যেই শোধনাগার থেকে পানি সরবরাহ শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু এর আগেই সংঘবদ্ধ চোরেরা কয়েক সপ্তাহ ধরে রাতের আঁধারে পানি শোধনাগারসহ বিভিন্ন স্থান থেকে প্রায় ১৫০টি রিডিং মিটার চুরি করে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, পৌর এলাকায় রিডিং মিটার চুরির ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের অভিযানে পাঁচজন গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। এ অভিযানের জন্য পুলিশ প্রশংসিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
