টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় বন্ধ রেল যোগাযোগ, ৬ ঘণ্টা পর সচল

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৩৭ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষে প্রায় ছয় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের ব্লক পয়েন্টসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত হয়।

দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। পরে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বগি উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান বলেন, বর্তমানে ব্রডগেজ লাইন চালু রয়েছে। তবে মিটারগেজ লাইন বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে আছে। এদিকে ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার এলাকায় ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।