পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংসসহ সিএনজিচালক আটক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৪৭ | অনলাইন সংস্করণ
পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর সময় আবদুর রহিম (৪৫) নামে এক সিএনজিচালককে আটক করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অপর দুই ব্যক্তি পালিয়ে গেছেন।
আটক আবদুর রহিম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুস সালামের ছেলে। জবাই করা গরুটির আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক আইযুব মিয়া।
স্থানীয় বাসিন্দা ও পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহারের সূত্রে জানা যায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সিএনজিচালক আবদুর রহিম বুধবার রাতে দুই যাত্রীকে নিয়ে দক্ষিণ শ্রীমাই এলাকায় আসেন। সেখানে ওই দুই ব্যক্তিকে নামিয়ে দিয়ে তিনি চলে যান। পরে ওই দুই ব্যক্তি রাতে এলাকার সৈয়দ ফজল চৌধুরীর বাড়ির আইযুব মিয়ার একটি গরু চুরি করে পাহাড়ে নিয়ে যান।
বৃহস্পতিবার ভোরে গরুটি জবাই করে মাংস বস্তাবন্দী করে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তারা। এ সময় স্থানীয় কৃষক রফিক জমিতে যাওয়ার পথে সিএনজিটি দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় চালককে আটক করা হয়। তবে অপর দুই ব্যক্তি পালিয়ে যান।
এ সময় সিএনজিচালক গরু চুরির বিষয়টি স্বীকার করেন বলে স্থানীয়রা জানান। পরে গরুর মাংস ও সিএনজিটি জব্দ করা হয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরুর মালিককে শনাক্ত করা হয়।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সিএনজিচালক আবদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি জানান, শান্তিরহাট এলাকার লেদু ও সোহেল নামে দুই ব্যক্তি শ্রীমাই যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করেন। বুধবার রাতে তারা শ্রীমাই পৌঁছে চালককে বিদায় করে দেন। ফজরের নামাজের কিছুক্ষণ আগে সিএনজিটি দক্ষিণ শ্রীমাই এলাকায় আসে। চালক গরু চুরি করে জবাই করার বিষয়টি স্বীকার করলে তাকে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
গরুর মালিক আইযুব মিয়া জানান, তিনি অন্য একজনের কাছ থেকে গরুটি বর্গা নিয়ে লালন-পালন করে আসছিলেন। বর্তমানে গরুটির বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন জানান, এ ধরনের ঘটনা নতুন নয়। পাহাড় ঘিরে প্রতিনিয়ত চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
