ডেঙ্গু প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে দিনাজপুরে লিফলেট বিতরণ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ২০:২৭ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলায় উৎসাহিত করার জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব হাজী মো. ইকবাল টারজেন এ কর্মসূচির আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে ঘরবাড়ি ও ছাদ পরিষ্কার রাখতে হবে এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি ও অপ্রয়োজনীয় পরিত্যক্ত বস্তু অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, মাদক একটি পরিবার ও দেশকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোর, তরুণ-যুবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুল হক চৌধুরী, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোকাররম হোসেন, দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্তফা কামাল মিলন, বায়তুল ইজ্জত জামে মসজিদের সভাপতি মামুনুর রশিদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর জেলা শাখার জ্যেষ্ঠ সদস্য নুর আলম সোহেল, সদর উপজেলা ক্রীড়া সংসদের সভাপতি মো. শামীম, সাধারণ সম্পাদক ইবনে মিজান এবং মহিলা দলের সভাপতি বাবলি প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আমিরুল ইসলাম।
