সিরাজগঞ্জে পৃথক তিন মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ২১:৫৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের পুঠিয়াবাড়ি গ্রামের আলম শেখ, পুস্তিগাছা দক্ষিণপাড়া গ্রামের বাচ্চু মিয়া আকন্দ এবং চাঁপাইনবাবগঞ্জের কানসাট গ্রামের সাকির আলী ও রেজাউল করিম।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৩ সালের ৫ মে সিরাজগঞ্জ জেলখানা ঘাট এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ আলম শেখকে গ্রেপ্তার করা হয়। ২০১৫ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রাম থেকে ৬০ গ্রাম হেরোইনসহ সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ২০১২ সালের ২২ মার্চ দুপুরে যমুনা সেতুর পশ্চিম পাড়ের গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৫১৭ বোতল ফেনসিডিলসহ সাকির আলী ও রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।