দিনাজপুরে কবি নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৫:২৯ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘বৈষম্যহীন সমাজ নির্মাণে কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) একেএম আল-আমিন।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজরুল পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন আহমেদ রয়েল। আলোচক হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান। মুখ্য আলোচক ছিলেন একই কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লাল মিয়া।

বক্তারা আলোচনায় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কবি নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটির আয়োজক ছিল কবি নজরুল ইনস্টিটিউট, ঢাকা।

আলোচনা সভা শেষে অতিথিদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পাশাপাশি সংগীত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ এবং সাহিত্য পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. হারুন অর রশিদ।