প্রতিদ্বন্দ্বীকে পাশে চান নবনির্বাচিত এমপি ফয়সল আমিন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৭:০৪ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

“গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে আমাদের একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। ঠাকুরগাঁওয়ের স্বার্থে এবং দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।”
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং এলাকার ও দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যাশা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেনের খোঁজখবর নেন এবং সহযোগিতা কামনা করেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি দেলাওয়ার হোসেনের হাজীপাড়ার বাসায় যান। সেখানে তার সঙ্গে কুশল বিনিময় করেন।
নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। গণতন্ত্রের প্রধান বিষয় হচ্ছে একে অপরের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করা। ঠাকুরগাঁও ও দেশের স্বার্থে তিনি সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, একে অপরের মতামতের প্রতি সম্মান প্রদর্শন না করলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। নির্বাচনে তিনি কখনো কারও নাম ধরে কথা বলেননি কিংবা কাউকে অসম্মান করে কোনো বক্তব্য দেননি। বরং সম্মান দিয়েই কথা বলেছেন। এটি সবার দায়িত্ব। তারেক রহমানও তাদের এভাবেই নির্দেশনা দিয়েছেন। একে অপরের প্রতি আস্থা রাখতে হবে।
ফয়সল আমিন বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে, সরকারি দল কোনো ভুল করলে তা সংশোধন করে দেওয়া এবং ছায়া সরকার হিসেবে কাজ করা। তিনি আশা প্রকাশ করেন, তার প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও, দেশ ও গণতন্ত্রের স্বার্থে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, দেলাওয়ার হোসেন বিপুল পরিমাণ ভোট পেয়েছেন। এলাকার একটি বিশাল অংশ তার সঙ্গে রয়েছে। সেই অংশকে বাদ দিয়ে তিনি সংসদ সদস্য নন। তারাও তারই অংশ, এলাকারই অংশ। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান তিনি।
এদিকে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শুক্রবার সকালে প্রথমে দলীয় কার্যালয়ে যান মির্জা ফয়সল আমিন। সেখানে সকাল থেকে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
উল্লেখ্য, ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৫০ ভোট। এ ছাড়া নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৩০৮। ভোট প্রদানের হার ৬৪ দশমিক ৭৭ শতাংশ।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
