কাউখালীতে ফুটপাত দখল ও গবাদিপশু বিচরণ, চারজনকে জরিমানা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৮:০৬ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে ফুটপাত ও জনপথ অবৈধভাবে দখল করে দোকানপাট বসানো এবং অবাধে গবাদিপশু বিচরণের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাউখালীর সাপ্তাহিক হাটের দিন কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত ও চলাচলের রাস্তা দখল করে দোকান বসান। এতে বাজারে আসা সাধারণ ক্রেতা ও ভোক্তারা স্বাভাবিকভাবে কেনাকাটা ও চলাচল করতে পারেন না। বিশেষ করে নারীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন।

সম্প্রতি এ বিষয়ে ২৩ অক্টোবর বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের দৃষ্টিগোচর হয়।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউখালী থানা পুলিশের একটি দলের সহযোগিতায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি অবৈধ দখলদারদের কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে কেউ অবৈধভাবে দখল বজায় রাখলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯(১)(ট) ধারা অনুযায়ী ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি মামলায় তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিত ব্যবসায়ীরা হলেন দক্ষিণ বাজারের সালাউদ্দিন, বিপুল ও বাপ্পি।

এ ছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী অবাধে গবাদিপশু বিচরণের দায়ে একটি মামলায় মো. হালিম নামের এক গবাদিপশুর মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, উপজেলার কোনো হাটবাজারে শৃঙ্খলা ভঙ্গ, অবৈধ দখল, ভেজাল খাদ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো বেআইনি কাজ করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।