ভাঙ্গুড়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৯:৩৭ | অনলাইন সংস্করণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ ও প্রস্তুত করা দুধ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক মো. আবুল বাশারকে দুই লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার সহযোগী মো. সবুজকে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের নেতৃত্বে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে ৩৬ ড্রাম জেলি, যার ওজন প্রায় ২ হাজার ৭০০ কেজি, দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার প্রস্তুত করা ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।
অভিযান সূত্রে জানা যায়, আবুল বাশার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির এসব উপকরণ ও প্রস্তুত করা দুধের সন্ধান পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবুল বাশার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে। তার সহযোগী মো. সবুজ একই গ্রামের মো. হাবিল প্রামাণিকের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, মো. আবুল বাশার দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, এনএসআইয়ের ভাঙ্গুড়া উপজেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম প্রমুখ। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
এদিকে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
