রংপুরে কৃষক হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২১:০১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে কৃষক মোকছেদুল ইসলাম বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, সব আসামিকে গ্রেপ্তার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনেরা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের নব্দীগঞ্জ বাজারে ব্যানার ও ফেস্টুন নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাচ্চু মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
পরে দাবির সমর্থনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, রংপুর নগরীর কলাপাড়ার বাসিন্দা মোকছেদুল ইসলাম বাচ্চু মিয়ার (৬৫) সঙ্গে তার ভাইদের পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। গত ২০ অক্টোবর কুড়িগ্রামের উলিপুরে গ্রামের বাড়িতে বেড়াতে যান বাচ্চু মিয়া। ওই দিন বড় ভাই একাব্বর আলীর অনুরোধে তার বাড়িতে অবস্থান করেন তিনি।
আন্দোলনকারীদের অভিযোগ, পূর্বপরিকল্পনা অনুযায়ী রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাচ্চু মিয়াকে অচেতন করা হয়। পরে একাব্বর আলী, তার নাতি রাব্বিসহ পরিবারের সদস্যরা তাকে হত্যা করেন। এরপর মরদেহ তিন টুকরো করে গুম করার পরিকল্পনা করা হয়। মধ্যরাতে বস্তায় ভরে মরদেহ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রতিবেশীরা রাব্বিকে আটক করে পুলিশে দেন।
এ ঘটনায় ওই রাতেই পুলিশ একাব্বর আলী, রাব্বিসহ তিনজনকে আটক করে। আন্দোলনকারীদের দাবি, রাব্বি পুলিশের কাছে বাচ্চু মিয়াকে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ বাকি দুজনকে ছেড়ে দেয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার পুনঃতদন্ত ও অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হলেও পুলিশ তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন স্বজনেরা। একই সঙ্গে রাব্বিকে রিমান্ডে নিয়ে আরও তথ্য উদ্ঘাটনের অনুরোধ জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে বলে দাবি তাদের। পরিবারের অভিযোগ, তাদের পাশ কাটিয়ে পুলিশ মামলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাচ্চু মিয়ার ছেলে রবিউল ইসলাম ও মোত্তাবেল মিয়া বলেন, ময়নাতদন্তকারী কর্মকর্তা তাদের জানিয়েছেন, এক ব্যক্তির পক্ষে একা এ হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। তাদের অভিযোগ, একাব্বর মিয়া পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে অন্য আসামিদের মামলার বাইরে রেখেছেন।
তারা অবিলম্বে মামলার পুনঃতদন্ত, অন্য আসামিদের গ্রেপ্তার এবং রাব্বিসহ সব আসামির ফাঁসির দাবি জানান। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
