সিরাজগঞ্জে যুবলীগের মিছিলের ঘটনায় আরও ৩ কর্মী গ্রেপ্তার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২১:৪৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলের ঘটনায় আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম সোহাগ (২৮), রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭) এবং একডালা এলাকার যুবলীগ কর্মী মোহাম্মদ রবিউল ইসলাম (৩১)। এ নিয়ে ওই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার ভোরে মহাসড়কে পুলিশের ভ্যানের সামনে বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে একই ঘটনায় আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
