দিনাজপুর বোর্ডে ইতিহাসের সর্বনিম্ন পাসের হার, কমেছে জিপিএ-৫
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। এটি শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার।
শনিবার বেলা ১১টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে প্রেস ব্রিফিং করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন। এ সময় তিনি চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফলের পরিসংখ্যান উপস্থাপন করেন।
পরিসংখ্যানে জানানো হয়, এবার এ বোর্ডের অধীনে ৮টি জেলার ৬৬৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছে। মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।
এবার এ বোর্ড থেকে ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। এবার শতভাগ পাস করেছে ৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অন্যদিকে ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
শিক্ষাবোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরের মধ্যে ২০১৬ সালে এ বোর্ডের অধীনে পাসের হার ছিল ৭৪ দশমিক ৬৪ শতাংশ, ২০১৭ সালে ৬৫ দশমিক ৪৪ শতাংশ, ২০১৮ সালে ৬০ দশমিক ২১ শতাংশ, ২০১৯ সালে ৭১ দশমিক ৭৮ শতাংশ, ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা না হওয়ায় ১০০ শতাংশ, ২০২১ সালে সব বিভাগে তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হওয়ায় ৯২ দশমিক ৪৩ শতাংশ, ২০২২ সালে সব বিষয়ে পরীক্ষায় ৭৯ দশমিক ০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করে।
প্রাপ্ত ফলাফলে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে। এ বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
ফলাফলে ছেলেদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ।
