দামুড়হুদায় গলায় খাবার আটকে বৃদ্ধের মৃত্যু
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:২৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে গলায় খাবার আটকে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার ধান্যঘরা গ্রামের মৃত রওশন আলী শাহর ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়িতে খাবার খাওয়ার সময় নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহর গলায় খাবার আটকে যায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে তার বাবা নজরুল ইসলাম বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় তার গলায় ভাত আটকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন।
