দেবহাটায় ১৬৯ বোতল ভারতীয় মাদকসহ আটক ১
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২২:১৪ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশের অভিযানে ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদকসহ নুর ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিসহ তিনজনের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত ১০টার দিকে দেবহাটা থানার বহেরা বাজারের পাশে নুরুল আমিনের চায়ের দোকানের সামনে বহেরা বাজার থেকে বহেরা হাইস্কুলগামী পাকা সড়কে তিনজন অপরিচিত ব্যক্তিকে মাদক নিয়ে যেতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে কুলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শেখ আফ্রিদিসহ স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন নেতৃত্বে এসআই সোহাগ মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আরশাদ আলীর ছেলে নুর ইসলামকে (২৭) ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদকসহ আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা অপর দুই আসামি শরিফুল ইসলাম (৩২) ও মজনু মোড়ল (৩৫) পালিয়ে যান। শরিফুল ইসলাম মাহমুদপুরের ডাকাতপাড়া এলাকার আব্দুস কুদ্দুস কারিগরের ছেলে এবং মজনু মোড়ল একই গ্রামের মোড়লপাড়া এলাকার রেজাউল মোড়লের ছেলে।
এ ঘটনায় দেবহাটা থানার এসআই সোহাগ মিয়া (বিপি-৮৪০৩০২১১৯৫) বাদী হয়ে আটক নুর ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৩, তারিখ ৩০ অক্টোবর ২০২৬।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে মাদকবিরোধী অভিযানে সম্পৃক্ত করে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
