কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্য নিহত
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ
কাউখালী ( পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে সুপারি পারার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার (৭০) নামের এক সাবেক ইউপি সদস্য মর্মান্তিক মৃত্যু হয়েছে
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য সৈয়জ উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে আবুল বাশার বাড়ির পাশের পুকুরপাড়ে মই লাগিয়ে সুপারি পারছিলেন। সুপারি গাছের পাশেই সেচ দেওয়ার জিআই পাইপের সঙ্গে বিদ্যুতের তার টানা ছিল। সুপারি পাড়ার এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
স্থানীয়রা জানান, সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
