সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৮:৫১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগে জরুরি ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর অভিভাবকদেরও কঠোর নজর রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) শাহাদাত হোসেইন।
এ ছাড়া শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা বক্তব্য দেন।
সভায় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মান উন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
