মাদকাসক্ত ছেলের প্রাণনাশের হুমকি, পালিয়ে বেড়াচ্ছেন মা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৯:০৫ | অনলাইন সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ মাসের কারাভোগ শেষে মুক্তি পেয়েই মাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক যুবক। ছেলের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মা। প্রাণ বাঁচাতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী নাসিমা বেওয়া (৪৭) ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের দফাদারপাড়ার মৃত হবিবর রহমানের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বড় ছেলে রাজু মিয়া (২২), তার স্ত্রী, নাতি মিনহাজ (৭) ও ছোট ছেলে লিমনকে (১৮) নিয়ে একই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় ছেলে রাজু মিয়া মাদকাসক্ত হয়ে পড়লে তার নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক বছর আগে স্ত্রী সন্তান ও স্বামীকে রেখে ঢাকায় চলে যান। এরপর মাদকের টাকার জন্য রাজু মায়ের ওপর নানা ধরনের অত্যাচার ও নির্যাতন শুরু করেন। এমনকি ঘরের জিনিসপত্রও বিক্রি করতে থাকেন।

এ অবস্থায় গত ২ জুন ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজুকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের কারাদণ্ড দেন। রাজু কারাগারে যাওয়ার পর ভয়ে ছোট ভাই লিমনও ঢাকায় চলে যান।

পাঁচ মাসের কারাভোগ শেষে গত রোববার (১ নভেম্বর) মুক্তি পেয়েই মোবাইল ফোনে মাকে প্রাণনাশের হুমকি দেন রাজু। এতে ভীত হয়ে নাসিমা বেওয়া নাতি মিনহাজকে নিয়ে ওই দিনই বাবার বাড়ি পাইকেরছড়ায় চলে যান। অভিযোগ রয়েছে, এরপর রাজু বাড়িতে গিয়ে ভাঙচুর চালান এবং মাকে খুঁজতে থাকেন।

এ ঘটনায় রোববার রাতে নাসিমা বেওয়া থানায় গেলে পুলিশ তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। পরে সোমবার দুপুরে ইউএনওর কার্যালয়ে গিয়ে ঘটনার বর্ণনা দিয়ে নিজের প্রাণ রক্ষার দাবি জানান তিনি।

নাসিমা বেওয়া বলেন, ‘আমি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গিয়েছিলাম। থানা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসতে বলেছে। তার কাছে আসার পর আবার থানায় যেতে বলেছেন। রাজু আমাকে দেখলে মেরে ফেলবে।’

সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ জানান, খবর পেয়ে রোববার রাতে তিনি ওই বাড়িতে যান। কিন্তু রাজু কারও কথা শুনতে চান না। তিনি মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন এবং ঘরবাড়ির তালা ও বেড়া ভেঙে ফেলেছেন। মাঝে মাঝে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন। প্রাণভয়ে তার মা নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ জানান, অভিযোগকারী নারী তার কাছে এসেছিলেন। তাকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, নাসিমা বেওয়া থানায় এসেছিলেন কি না, তা তিনি জানেন না। কারণ, ওই সময় তিনি আদালতে ছিলেন। তিনি থানায় এলে জিডি নেওয়া হবে।