চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, প্রধান শিক্ষক আটক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ২১:৪৬ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক শিক্ষকের নাম মো. ইনামুল হক। তিনি বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে।

এ সময় স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ের ভেতরে আটকে রাখেন। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে তাকে বিদ্যালয় থেকে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।