রংপুরে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২১:২৯ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাহবুবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রংপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাহবুবুর রহমানের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাহবুবুর রহমান ওই এলাকার মৃত বাহার উদ্দিন মিয়ার ছেলে।
পরিদর্শক এস এম এলতাস উদ্দিন আরও জানান, উদ্ধার করা ইয়াবার মধ্যে একটি প্যাকেটে অক্ষত অবস্থায় ১ হাজার পিস ছিল। এ ছাড়া ভাঙা ও গুঁড়া অবস্থায় ৩০ গ্রাম ইয়াবা পাওয়া যায়, যা ৩০০ পিসের সমপরিমাণ বলে জানানো হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
