হত্যা ও স্বর্ণ ডাকাতির মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২১:৫৮ | অনলাইন সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

মাগুরার আলোচিত জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন হত্যা ও স্বর্ণ ডাকাতির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও পৌর আহ্বায়ক মারুফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার ভোরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই ঘটনায় তার ঘনিষ্ঠ সহযোগী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেয় মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে ডাকাতি হওয়া স্বর্ণের পাঁচটি বার উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

শাকের হোসেন হত্যা ও স্বর্ণ ডাকাতির ঘটনার নেপথ্যে কারা, কীভাবে ঘটনার পরিকল্পনা করা হয়েছিল এবং উদ্ধার হওয়া স্বর্ণের বাইরে বাকি স্বর্ণের কী অবস্থা—এসব বিষয় তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে জেলা বাস টার্মিনালের রয়েল কাউন্টারে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে পুলিশ পরিচয়ে ডাকাতি করা ১৫০ ভরি স্বর্ণের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে পুলিশ।