দেবহাতায় হার্ট অ্যাটাকের রোগীকে বিশেষ চিকিৎসা, বর্তমানে সুস্থ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৫:৩০ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকে আক্রান্ত এক রোগীকে জরুরি ভিত্তিতে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রয়োগ করে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে বুধবার সকালে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। বর্তমানে আক্রান্ত রোগী সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, বিশ্বব্যাপী হার্ট অ্যাটাক (Heart Attack বা Acute Myocardial Infarction) মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশ্বে ইস্কেমিক হার্ট ডিজিজে (Ischaemic Heart Disease) প্রতি বছর প্রায় ৯৫ লাখ মানুষ মৃত্যুবরণ করেন।
হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে আসতে পারলে স্ট্রেপ্টোকাইনেজ নামক ইনজেকশন প্রয়োগের মাধ্যমে হৃৎপিণ্ডের রক্তনালিতে জমাট বাঁধা রক্ত গলিয়ে পুনরায় রক্ত চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা যায়। এ চিকিৎসার মাধ্যমে রোগীর মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি ভবিষ্যতে হৃদ্যন্ত্রের বিভিন্ন জটিলতার ঝুঁকিও কমানো সম্ভব।
চলতি বছর দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের পরিকল্পনা ও উদ্যোগে জরুরি হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসার জন্য স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন সরবরাহের ব্যবস্থা করা হয়।
এর আগেও একজন হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রয়োগ করে চিকিৎসা দেন ডা. নাজমুস সাকিব (মেডিকেল অফিসার—রোগ নিয়ন্ত্রণ)।
সফল থ্রোম্বোলাইসিস ও পরবর্তী চিকিৎসা সম্পন্ন হওয়ার পর রোগীকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে ভালো আছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, সময়মতো সঠিক চিকিৎসা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে একজন সংকটাপন্ন রোগীর জীবন রক্ষা করা এবং ভবিষ্যতে হৃদ্যন্ত্রের জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। উপজেলা পর্যায়েও জরুরি হৃদ্রোগের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বুকের ব্যথাকে অবহেলা করা যাবে না। সময়ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে আসতে হবে।
