তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা প্রদানে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: আবু জাফর
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে কেউ অন্ধ থাকবে না।
বুধবার সকালে দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের আয়োজনে, দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় এবং পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আবু জাফর বলেন, যার চোখের আলো নেই, তার কাছে পৃথিবী অন্ধকার। তাই চোখের সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে আসতে হবে এবং চোখের যত্ন নিতে হবে।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরীফ এবং দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মুজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম ও সহকারী প্রকৌশলী মীর তফাজ্জল হোসেন।
বক্তারা বলেন, জেলা প্রশাসকের সহযোগিতায় শিগগিরই বোচাগঞ্জ উপজেলাকে ছানিমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে চক্ষু ক্যাম্পের মাধ্যমে প্রতিটি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের অ্যাসিস্ট্যান্ট আউটরিচ অফিসার মো. হামিদুর রহমান।
