ভোলায় সরকারি সার পাচারের অভিযোগ, গোডাউন সিলগালা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৮:২৫ | অনলাইন সংস্করণ
ভোলা প্রতিনিধি

ভোলায় নদীপথে সরকারি সার পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার জব্দ করেছেন স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসন সারগুলো জব্দ করে একটি গোডাউন সিলগালা করেছে।
মঙ্গলবার রাতে ভোলা সদর উপজেলার চর ইলিশা গ্রামের দারগার খাল এলাকা থেকে এসব সার জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, ভোলার ইলিশা থেকে নদীপথে মাদারীপুরে সার নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে একটি ট্রলার ও একটি নসিমন থেকে ২৯০ বস্তা সার আটক করেন তারা। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে টিএসপি ও ডিএপি সার ছিল।
এসব সরকারি সার ভোলার কৃষকদের জন্য বরাদ্দ করা হলেও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জেলার বাইরে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। তবে ট্রলারের মাঝি শহীদ ও কৃষক রফিকের দাবি, ভোলার বিভিন্ন চরের কৃষকদের কাছে পাঠানোর জন্য সারগুলো নেওয়া হচ্ছিল।
সার কেনার পক্ষে একটি রসিদ দেখানো হলেও তাতে মাত্র ৮০ বস্তা ডিএপি সারের হিসাব পাওয়া গেছে। বাকি ২১০ বস্তা সারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষকরা। তাদের অভিযোগ, ডিলাররা ভুয়া ভাউচারের মাধ্যমে সার উত্তোলন করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জেলার বাইরে পাঠাচ্ছেন। এতে স্থানীয় কৃষকরা সারসংকটে পড়ছেন।
এ বিষয়ে বিএডিসির সার ও বীজ ডিলার মেসার্স মিজান ট্রেডার্সের স্বত্বাধিকারী মিজানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ডিলার পয়েন্ট থেকে দাবি করা হয়েছে, সারগুলো চরে চাষের জন্য কৃষকরা কিনেছেন। তবে কোনো অনিয়ম বা অবৈধভাবে সার উত্তোলনের ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হবে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল জানান, সারগুলোর বৈধ কাগজপত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাই যাচাই-বাছাইয়ের জন্য সারগুলো গোডাউনে রেখে সিলগালা করা হয়েছে।
