পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বছর ধরে তিন গাড়ির চালক নেই

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৯:৫৭ | অনলাইন সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বছর ধরে তিনটি গাড়ির চালক পদ শূন্য রয়েছে। গাড়িগুলোর মধ্যে দুটি অ্যাম্বুলেন্স ও একটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যবহারের গাড়ি। তবে বর্তমানে একটি অ্যাম্বুলেন্স এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যবহৃত গাড়িটি হাসপাতালে রয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাজরুই রহমান একটি অ্যাম্বুলেন্স ভালুকগাছী ইউনিয়ন পরিষদকে প্রদান করেন। অন্যদিকে, তিনটি গাড়ির চালক পদ শূন্য থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অ্যাম্বুলেন্স ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যবহারের জন্য সিবিসি প্রকল্পের একটি গাড়ি রয়েছে। এসব গাড়ির চালক পদ দীর্ঘদিন ধরে শূন্য। হাসপাতালের অবসরপ্রাপ্ত চালক আব্দুল হান্নান ২০২১ সালের ৯ ডিসেম্বর অবসরে গেলেও বর্তমানে তিনি গাড়ি চালাচ্ছেন। শুধু তাই নয়, তিনি পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালের সরকারি কোয়ার্টারেও বসবাস করছেন।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় এখানে রোগীর চাপ বেশি থাকে। এ ছাড়া সড়ক দুর্ঘটনাসহ পার্শ্ববর্তী চারঘাট, বাঘা, দুর্গাপুর এবং নাটোরের বাগাতিপাড়া ও সদর উপজেলার অনেক রোগী এ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন।

এ অবস্থায় অ্যাম্বুলেন্সের চালক পদ শূন্য থাকা এবং অন্য একটি অ্যাম্বুলেন্স ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ভালুকগাছী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রুহুল আমিন জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই অ্যাম্বুলেন্সটি গ্যারেজে পড়ে থাকতে দেখছেন। তবে শুনেছেন, গাড়িটি ব্যবহার উপযোগী করতে হলে অনেক টাকা খরচ করতে হবে। এ কারণে গাড়িটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান আলী মোল্লা জানান, চালক পদগুলো শূন্য থাকায় অবসরপ্রাপ্ত চালক আব্দুল হান্নান সিভিল সার্জনের অনুমতি সাপেক্ষে দায়িত্ব পালন করছেন এবং সরকারি কোয়ার্টারে বসবাস করছেন।