ঈশ্বরদীতে চাচিকে ধর্ষণের অভিযোগ, ভাতিজার বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ২০:০৬ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা শিবলু মৃধার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন।
অভিযুক্ত শিবলু মৃধা উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের ইনছান মৃধার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী কাজের জন্য মঙ্গলবার ভোরে মেহেরপুরের গাংনীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুরে ওই গৃহবধূ ছাগলকে ঘাস খাওয়াতে মাঠে যান। এ সময় শিবলু সেখানে গিয়ে তার ছেলের আহত হওয়ার কথা জানিয়ে তাকে বাড়িতে যেতে বলেন।
গৃহবধূ বাড়ি ফেরার পথে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের একটি হলুদক্ষেতের কাছে পৌঁছালে শিবলু ধারালো দা দেখিয়ে তার ছেলেকে হত্যার ভয় দেখান। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, গৃহবধূর লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগীকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
