যানবাহনের শৃঙ্খলা নিশ্চিতে সীতাকুণ্ডে বিআরটিএর অভিযান

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ২০:২২ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে যানবাহন রক্ষণাবেক্ষণ, পার্কিং, চলাচল, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, মিল, ফ্যাক্টরি, কলকারখানা এবং পণ্য পরিবহন কোম্পানির ডিপোতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক, চট্টগ্রাম এবং বিআরটিএ চট্টগ্রামের বিভাগীয় পরিচালকের দিকনির্দেশনায় ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

সচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা এস এম হেলাল উদ্দিন, বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আমিনুজ্জামান, সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক মো. মুজিবসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন টোটাল গ্যাস কোম্পানি, কেডিএসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহন-সংশ্লিষ্ট ব্যক্তিদের যানবাহন চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়।

সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী রুট পারমিট, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন ছাড়া যানবাহন চলাচল, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং যত্রতত্র ও বিশৃঙ্খলভাবে গাড়ি পার্কিংয়ের অপরাধে ১৫টি তাৎক্ষণিক মামলা করা হয়। এসব মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া দণ্ডপ্রাপ্ত গাড়ির চালক ও মালিকদের সঙ্গে কথা বলে তাদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থেকে সংশোধন হওয়ার পরামর্শ দেওয়া হয়।