১১ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে আঞ্চলিক সড়ক ফোর লেনে উন্নীতকরণের কাজ দ্রুত এগোচ্ছে
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ২১:২৩ | অনলাইন সংস্করণ
এসএম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে শহর এলাকার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কাটাওয়াবদা পর্যন্ত আঞ্চলিক সড়ক ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রায় ১১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী (এসও) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কাটাওয়াবদা পর্যন্ত সড়ক ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ১১ কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে সওজ বিভাগ দরপত্র আহ্বান করে। সরকারি বিধি অনুযায়ী দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়। নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৫ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শুরু করে। আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
প্রকল্পের কাজ সংশ্লিষ্ট বিভাগ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। ইতিমধ্যে প্রকল্পের প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে কিছুটা জটিলতা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে চেষ্টা করছে সওজ বিভাগ।
এ বিষয়ে সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল আলোকিত বাংলাদেশকে বলেন, জনস্বার্থে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে, যেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হয়। প্রকল্পটি সম্পন্ন হলে জেলা শহর ও আঞ্চলিক মহাসড়কে চলাচলের ভোগান্তি কমে আসবে। কাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রকল্পের কাজ বাস্তবায়নে কোনো অনিয়ম-দুর্নীতির প্রশ্নই ওঠে না।
উল্লেখ্য, এর আগে এ প্রকল্পের কাজ বাস্তবায়নে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হয়। এ কারণে সংশ্লিষ্ট বিভাগ ওই ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভুক্ত করে। পরে প্রকল্পের কাজ বাস্তবায়নে পুনরায় দরপত্র আহ্বান করে সওজ কর্তৃপক্ষ।
