পীরগঞ্জে বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র ৬, প্রধান শিক্ষককে শোকজ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৭:৩১ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম, বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ, পাঠদানের মানের অবনতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিদ্যালয়টির পরিস্থিতি কর্তৃপক্ষের নজরে এলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান স্বাক্ষরিত উমাশিঅ/পীর/রং/তদন্ত/২০২৬/৯২৮ নম্বর স্মারকে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনে গেলে প্রবেশপথ বন্ধ দেখতে পান। ওই সময় বিদ্যালয়ে মাত্র ছয়জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে প্রতিষ্ঠানের একজন শিক্ষকের অসৌজন্যমূলক আচরণের বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, গত দেড় বছর ধরে বিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও পাঠদানের মানের দৃশ্যমান কোনো উন্নতি পাওয়া যায়নি। বরং দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে একাধিকবার সতর্ক করা হলেও প্রধান শিক্ষক কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
এ ছাড়া প্রধান শিক্ষকের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগও আনা হয়েছে। এসব কর্মকাণ্ডকে দায়িত্বে অবহেলা ও গাফিলতি হিসেবে উল্লেখ করে কেন তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
