চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বালি রাখায় ৮ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৭:৫২ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় রাস্তার পাশে যত্রতত্র বালি রেখে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের দায়ে মেসার্স লিমন বালি ঘরকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পান্না সিনেমা হলের গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় রাস্তার পাশে অবৈধভাবে বালি রাখার দায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২-এর সংশোধনীর ১১(খ) বিধি অনুযায়ী মেসার্স লিমন বালি ঘরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রাস্তার পাশে খোলা অবস্থায় বালি রাখার ফলে ধুলাবালি ছড়িয়ে বায়ুদূষণ সৃষ্টি হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

পরিবেশদূষণ রোধ এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।