কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের জন্য নোয়াখালীতে বিশেষ দোয়া
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৮:১০ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম, ৩৫তম বিসিএসের কর্মকর্তা ও শিক্ষক অধ্যাপক শফিকুল ইসলাম, রাজনীতিবিদ ও সাংবাদিক লিয়াকত আলী খান, সাংবাদিক হানিফ ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে নোয়াখালী কেরামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আমিন উল্যা, সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন, নোয়াখালী ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, আবদুল হান্নান, মোজাম্মেল হোসেন, ইউনুস শিকদার, হাসান ইয়াছিন, চিকিৎসক দিদার ও শিক্ষক ইয়াছিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বঙ্গভবনের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম (প্রায় শত বছর বয়সী) গত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে ঢাকার মধ্যবাড্ডায় তার বাসার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার এবং সাবেক আমির চিকিৎসক বোরহান উদ্দিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অন্যদিকে, সুবর্ণচরের কৃতী সন্তান ও নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের ৩৫তম বিসিএস কর্মকর্তা অধ্যাপক শফিকুল ইসলাম গতকাল নিজ বাসায় অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার পরিবারের জন্যও দোয়া করা হয়।
এ ছাড়া অসুস্থ সাংবাদিকদের মধ্যে সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক নেতা লিয়াকত আলী খান কিডনি অস্ত্রোপচারের পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি সিনিয়র সাংবাদিক হানিফ ভূঁইয়া, সাংবাদিক বাহার আলম, খসরু ও এস এম জামালসহ সংশ্লিষ্ট সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতে প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করা হয়। একই সঙ্গে অসুস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
