মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৯:২৪ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আখতারুজ্জামান।
ঘটনার পর রাতেই নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন আখতারুজ্জামান।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় শাহরিয়ার জামান গচিহাটা বাজারে গিয়েছিলেন। এ সময় স্থানীয় চিহ্নিত বিএনপি নেতা-কর্মীরা অতর্কিতভাবে তার ছেলেকে ছুরিকাঘাত করেন।
আখতারুজ্জামান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।
এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
