সিরাজগঞ্জে বিশেষ অভিযানে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ২০:১৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম (৪৮), সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (৪৭), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন (৪১), ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদুল ইসলাম (৩৪) এবং ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন (২২) ও নাদিম শেখ (২৩)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ওই ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
