সিরাজগঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ উদ্ধার, জরিমানা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ২১:১৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার কুতুবের চর মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ২৬ মণ পিরানহা মাছ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ মাছ বাজারজাত করার অপরাধে দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই ব্যক্তিকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকিস্বরূপ। এটি জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করে এবং দেশীয় মাছের বংশবিস্তার ও অস্তিত্বের ওপর বিরূপ প্রভাব ফেলে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ।

গোপন সংবাদের ভিত্তিতে কুতুবের চর মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ পিরানহা মাছ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাছের বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। ময়মনসিংহ থেকে এসব মাছ ওই মৎস্য আড়তে আনা হয়েছিল।

উদ্ধার করা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।