হরিরামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে জখম করে ব্যাগ ছিনতাই
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১৭:১৯ | অনলাইন সংস্করণ
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে জখম করে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারের ওপর এ হামলার ঘটনা ঘটে।
দোকান বন্ধ করে যাত্রাপুর গ্রামের বাড়িতে ফেরার পথে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
স্থানীয় বাসিন্দা ইমন জানান, রাত সাড়ে ৮টার দিকে যাত্রাপুর গ্রামের নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা মনোরঞ্জন কর্মকারকে আঘাত করে তার ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে রাস্তার ওপর ছোপ ছোপ রক্ত এবং রক্তের পাশে কাঠের একটি লাকড়ি পড়ে থাকতে দেখা গেছে। তাকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, নাকি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, তা বোঝা যাচ্ছে না।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার জানান, মনোরঞ্জনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। তার সিটি স্ক্যান করানো প্রয়োজন। এ কারণে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফারুক জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীর ব্যাগটি ছিনিয়ে নেওয়া হলেও তাতে কোনো স্বর্ণ ছিল না। ঘটনাস্থলে রক্তের দাগ ও নারিকেল গাছের একটি বাইগরা পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
