ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১৯:২৯ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পুরির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম এবং রাষ্ট্রপতির একান্ত সচিব আবুল আওয়ালসহ অনেকে।
পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পুরিতে রংপুর বিভাগের ৬১টি উপজেলার প্রায় ১ হাজার ১০০ জন কাব স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তা অংশ নেবেন। ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী কাব স্কাউটরা ১০টি আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং কর্মসূচিতে অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, স্কাউট, রোভার স্কাউট ও ডিএনসিসির কার্যক্রম অত্যন্ত জরুরি। জনগণকে শৃঙ্খলার মধ্যে রাখতে চাইলে এসব কার্যক্রমের কোনো বিকল্প নেই।
