সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে চাঁদপুরে কর্মশালা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২০:৪৪ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা আড়াইটায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো তিনি নিয়মিত পড়েন। তবে অনেক সংবাদে দেখা যায়, সব পত্রিকায় একই ধরনের প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এ ক্ষেত্রে প্রত্যেকটি পত্রিকার নিজস্বতা বজায় রাখা প্রয়োজন। সংবাদের গুরুত্ব বুঝে তা প্রচার ও প্রকাশ করতে হবে। সাংবাদিকদের সচেতনতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
ডিসি বলেন, সামাজিক দায়বদ্ধতার বিষয়টি যেন ভুলে না যাই। সমাজকে সচেতন করতে সাংবাদিকরা যেসব বিষয় তুলে ধরেন, সেগুলো নিজেদেরও মেনে চলতে হবে। এ প্রশিক্ষণ সময়োপযোগী এবং কর্মক্ষেত্রে সাংবাদিকদের জন্য খুবই কাজে লাগবে।
তিনি চাঁদপুরের অন্যান্য সংবাদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সংবাদগুলোও তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমএ লতিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।
প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আনোয়ার হাবিব কাজল।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মেহরাবুল হক ও তানভীর আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
