চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নেতৃত্বে আবারও রুহুল আমিন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২১:১৭ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো তিনি চুয়াডাঙ্গা জেলা আমিরের সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করলেন।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় চুয়াডাঙ্গার বেগনগরস্থ জেলা কার্যালয়ে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমিরকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে টানা তৃতীয়বারের মতো দায়িত্ব পাওয়া জেলা আমির মো. রুহুল আমিন উপস্থিত সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাকে ধৈর্য, সঠিক প্রজ্ঞা ও সততার সঙ্গে এ পবিত্র দায়িত্ব পালনের তৌফিক দান করেন।

নবনির্বাচিত আমিরকে জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রুহুল আমিনের যোগ্য নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলায় জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে।