মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে দেবহাটায় সাইকেল র‌্যালি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১৬:৩০ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

‘নতুন বাংলায় শপথ করি, মাদকমুক্ত দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সপ্তমবারের মতো আয়োজিত এ সাইকেল র‌্যালির মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি করা হয়। প্রতিবছর ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। এবার র‌্যালিতে পাঁচ শতাধিক সাইক্লিস্ট অংশ নেন।

এ ছাড়া সংগঠনটির ৩৬টি শাখা ইউনিটের প্রায় ৬০০ সদস্য এতে অংশগ্রহণ করেন।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসায়ীদের শিকড় উপড়ে ফেলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শনিবার সকাল ৯টায় উপজেলার পারুলিয়া ফুটবল মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে র‌্যালির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহম্মেদ (বিপিএম), বাংলা একাডেমির সহকারী পরিচালক শাহেদ মনতাজ, ঢাকার হোমিও স্বাস্থ্যের ক্যানসার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, দেবহাটা থানার এসআই শহর আলী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম এবং পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

র‌্যালিটি উপজেলার কোমরপুর, পারুলিয়া, সখিপুর, দেবহাটা সদর ও টাউনশ্রীপুর এলাকায় প্রদক্ষিণ করে। এসব স্থানে পথসভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে জনসচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। পরে পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট অহিদুল ইসলাম অপু।