ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পারমাণবিক খাতে তরুণদের কর্মসংস্থান বাড়ানোর আহ্বান

পারমাণবিক খাতে তরুণদের কর্মসংস্থান বাড়ানোর আহ্বান

বাংলাদেশে পারমাণবিক শক্তির সম্ভাবনা, নিরাপত্তা এবং এ খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে পাবনার ঈশ্বরদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ: ইমপ্যাক্ট টিম ২০৫০’।

শনিবার (৭ নভেম্বর) ঈশ্বরদীর পাবলিক ইনফরমেশন সেন্টার অন নিউক্লিয়ারে রোসাটম স্টেট করপোরেশন ও ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিলের অংশীদারত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। বিশেষ অতিথি ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মানবসম্পদবিষয়ক উপ-প্রকল্প পরিচালক ওলগা ভিশনেভস্কায়া।

মূল আলোচক ছিলেন রোসাটমের মহাপরিচালকের আন্তর্জাতিক যুব উপদেষ্টা পরিষদের বাংলাদেশি সদস্য ও এনপিসিবিএলের সাব-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রমোদ চন্দ্র বৈদ্য।

সংলাপে ৫০ জনের বেশি শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও রোসাটমের প্রতিনিধিরা অংশ নেন। এতে পারমাণবিক খাতে ক্যারিয়ার গড়তে বিশেষায়িত শিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ, বৃত্তি ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা জাতীয় পর্যায়ে নিউক্লিয়ার ইনোভেশন চ্যালেঞ্জ, ইয়ুথ ফেলোশিপ, বিজ্ঞান ক্যাম্প, ইয়ুথ ক্লাব এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক অ্যাম্বাসেডর কর্মসূচি চালুর প্রস্তাব দেন। পাশাপাশি পারমাণবিক নিরাপত্তা, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত প্রভাব সম্পর্কে তরুণদের সচেতনতা বাড়ানোর সুপারিশ করেন তারা।

আয়োজকরা জানান, সংলাপে উঠে আসা সুপারিশগুলো রোসাটমের মহাপরিচালকের কাছে উপস্থাপনের পাশাপাশি তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ তুলে ধরা হবে। বাংলাদেশের পারমাণবিক খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং এ খাতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কর্মসংস্থান বাড়ানো,পারমাণবিক খাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত