মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জিয়াউর রহমানের গড়া: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১৮:৫০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ জিয়াউর রহমান সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন। এই সাড়ে তিন বছরে তিনি দেশের উন্নয়নের ভিত গড়ে দিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জিয়াউর রহমানের গড়া।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিকে শক্ত অবস্থানে নিয়েছিল। ১৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশ একটি দোদুল্যমান অবস্থায় ছিল। পরে খন্দকার মোশতাককে কয়েকজন জুনিয়র কর্মকর্তা দেশ পরিচালনার দায়িত্ব দেন। এ নিয়ে সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব ছিল। সেনাবাহিনীর মধ্যে রাজনৈতিক বিভাজন চলছিল। সেখানে আওয়ামীপন্থী, বাম জাসদের বাহিনী এবং একটি ছোট ইসলামপন্থী গ্রুপও ছিল।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেনাবাহিনীতে যেসব সেক্টর কমান্ডার ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে চৌকস ছিলেন শহীদ জিয়াউর রহমান। তিনি পাকিস্তানের বিরুদ্ধে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ ঘোষণা করে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মুক্তিযুদ্ধের পরের সরকার দেশে অরাজকতা সৃষ্টি করেছিল। সব জায়গায় স্বজনপ্রীতি ছিল। পরে তারা বাকশাল কায়েম করে মাত্র চারটি পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দেয়। মুক্তিযুদ্ধকে পুঁজি করে ফ্যাসিস্ট সরকার নাতি-পুতিদের চাকরি দিতে গিয়ে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের কাছে আইডল ছিলেন। এর পেছনে অনেক কারণ রয়েছে। তিনি অত্যন্ত সাহসী ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে ছোট একটি সেনাদল নিয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অধ্যক্ষ প্রফেসর মুহীদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল প্রমুখ।