রংপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১৮:৫৬ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসন, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা ও ক্রীড়া প্রতিযোগিতাসহ পৃথক কর্মসূচি পালন করা হয়।
সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহমুদুন নবী ডন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুর রশীদ, ডিআইজি মোহাম্মদ আব্দুল আলিম, পুলিশ সুপার মোজাম্মেল হক ও পিপি অ্যাডভোকেট আফতাব হোসেন প্রমুখ। এ ছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় রাজনীতির গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান এ দিবসের আলোচনায় বিশেষভাবে উঠে আসে।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে এ দিবসের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সঠিকভাবে তুলে ধরতে হবে।
আলোচনা সভায় জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
