দেশের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: শাহজাহান

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ২০:১৬ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নতুন শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের পথ চলার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, বিপ্লব ও সংহতি—এই দুটি শব্দ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সর্বসাধারণের ঐক্যের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।

শনিবার সন্ধ্যায় নোয়াখালী সদর শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্যসচিব হারুন রশীদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক, গোলাম মোস্তফা চাটখিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস, শহর নেতা আবু নাসের, সদর নেতা ভিপি জসিম উদ্দিনসহ অনেকে।

পরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের মোড়ে গিয়ে শেষ হয়।