পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ শিক্ষার্থী
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ২০:৩৫ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬০০ কাব স্কাউট।
শনিবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারসহ পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নেয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ ছাড়া উপজেলা স্কাউটসের সদস্য, স্কাউট লিডার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশদূষণের বিষয়টি বিবেচনায় নিয়ে এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাব স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন। তারা পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নারায়ণগঞ্জ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা প্রশাসন জানায়, পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত চর্চায় পরিণত করার পাশাপাশি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
