চুয়াডাঙ্গায় ১ কেজি গাঁজা ও  মোটরসাইকেল সহ আটক ১

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:০৩ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল সহ আব্দুল কাদের (৪০) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৭ নভেম্বর) রাত ৮ টার দিকে  তাকে আটক করা হয়। আটক আব্দুল কাদের জীবননগর পৌরশহরের মহানগর উত্তরপাড়ার মৃত সমির মোল্লার ছেলে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাতে জীবননগর উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মনোহরপুর বাজারের শ্রী সঞ্জয় পালের মুদি দোকানের সামনে মনোহরপুর-খয়েরহুদাগামী পাকা রাস্তার উপর হতে আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় এক কেজি গাঁজা। এছাড়া জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত একটি লাল রংয়ের রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি ইগনিটর মোটরসাইকেল।

জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য এক লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আব্দুল কাদেরকে রবিবার (৮ নভেম্বর ) দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।