জমি বিরোধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:০৭ | অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের হরিরামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়না বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ময়না বেগম ওই গ্রামের আক্কাস আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম (৪৫) বাদী হয়ে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে শনিবার বিকেলে নিহতের বাড়ির পেছনে বিবাদীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে বিবাদীরা ময়না বেগমকে এলোপাতাড়ি মারধর করেন এবং বাঁশ দিয়ে তার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দায়ের করা মামলার আসামিরা হলেন- একই গ্রামের মৃত আয়ুব আলী মন্ডলের ছেলে মো. চঞ্চল মন্ডল (৩৮), তার স্ত্রী মোছা. জাহেরা (৩২) এবং চঞ্চলের মা হালিমা বেগম (৬৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ঘটনাস্থল থেকে প্রধান আসামি চঞ্চল মন্ডলসহ তার স্ত্রী ও মাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার তিন আসামিকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
