উখিয়ায় শেড দখল নিয়ে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আটক ৬
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৬:২৭ | অনলাইন সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তার মাথায় দুটি ও ঠোঁটে একটি গভীর কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে মার্কেট ও শেড ভাঙচুর এবং দখল-বেদখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় যুবলীগ নেতা আলমগীর ও ছাত্রলীগ নেতা সরওয়ারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
রোববার রাত সাড়ে ৭টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিএনপি সূত্রের ভাষ্য, থাইংখালী এলাকার বাসিন্দা যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর ও ছাত্রলীগ নেতা সরওয়ারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল নুরুল আমিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক কোপ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, হামলায় আশ্রয়শিবিরে বসবাসকারী কয়েকজন সশস্ত্র রোহিঙ্গাও অংশ নেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে চার-পাঁচটি কোপ দেওয়া হয়েছে।
তবে কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, নুরুল আমিনের মাথায় দুটি ও ঠোঁটে একটি গভীর কোপের চিহ্ন রয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাবুকতাগিন মাহমুদ সোহেল জানান, ওই বিএনপি নেতার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, নুরুল আমিনকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শেখ হাসিনা সরকারের আমলে একটি মার্কেট ও শেড নির্মাণ করেছিলেন। সরকার পরিবর্তনের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেগুলো ভেঙে দখলে নেন। পরে সেখানে নতুন শেড ও মার্কেট নির্মাণ করে নিজেদের আধিপত্য বিস্তার করেন এবং এ খাত থেকে কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
সূত্রগুলোর ভাষ্য, রোববার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির নিয়ন্ত্রণাধীন ওই মার্কেটে হামলা ও ভাঙচুর চালান। খবর পেয়ে বিএনপি নেতা নুরুল আমিনের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেলে করে দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে তারা এক রোহিঙ্গাকে মারধর করেন। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে রোহিঙ্গারাও একত্র হয়ে নুরুল আমিনের ওপর হামলা চালান বলে দাবি করেছে সূত্রগুলো। এ সময় নুরুল আমিন ছাড়াও বিএনপির আরও কয়েকজন নেতা-কর্মী আহত হন। এর আগে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হওয়ারও অভিযোগ রয়েছে।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গভীর রাত পর্যন্ত অবরোধ চলে। পরে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নির্দেশে বিএনপির নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসী হামলায় একজন বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
