কক্সবাজারে বাড়ছে গুলি-হামলা, টার্গেটে রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:৫১ | অনলাইন সংস্করণ
এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার

পর্যটন শহর কক্সবাজারে একের পর এক হামলা ও গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের লক্ষ্য করে অন্তত তিনটি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক বিএনপি নেতা ও দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এক ব্যবসায়ীকে চলন্ত গাড়ি থামিয়ে গুলি করা হয়। আরেক ব্যবসায়ীকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ ছাড়া টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হয়েছেন।
সর্বশেষ গত রোববার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিনকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এর আগে গত শুক্রবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ী মাহমুদুল হককে গুলি করা হয়। তার পরিবারের দাবি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদুলের অবস্থা সংকটাপন্ন।
একের পর এক হামলার ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতারা।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
উখিয়া উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, গত রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাছে নুরুল আমিনের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল হয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল নুরুল আমিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কয়েকটি কোপ দেওয়া হয়। হামলায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত কয়েকজন সশস্ত্র রোহিঙ্গাও অংশ নেন বলে তাদের অভিযোগ।
নুরুল আমিনের ভাই নুরুল আবছার মুন্না বলেন, তার ভাই রোহিঙ্গা ক্যাম্পের একটি বাজার থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। তার কাছে ২০ লাখ টাকা ছিল। ওই টাকা ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা তার ভাইয়ের ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।
মুন্নার আরও অভিযোগ, কিছুদিন আগে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে একটি বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ইউনিয়নের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিও উপস্থিত ছিলেন।
পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, নুরুল আমিনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে চার থেকে পাঁচটি কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচাতে ও নেগেটিভ রক্তের প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এ হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। এপিবিএনও অভিযান শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।
চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় চলন্ত গাড়ি থামিয়ে মাহমুদুল হক (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। রশিদ মেম্বারের গ্যাস পাম্পের সামনে মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন বলে জানান মাহমুদুল।
মাহমুদুলের ভাষ্য, তিনি ব্যক্তিগত গাড়িতে করে রামু যাচ্ছিলেন। খরুলিয়ায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তার গাড়ির সামনে ব্যারিকেড দেন। বিপদ বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করা হয়। এতে তার পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। একটি গুলি শরীরের ভেতরে রয়ে গেছে।
হাসপাতালে মাহমুদুল সাংবাদিকদের বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঙ্গে জমি নিয়ে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তার অভিযোগ, লিয়াকতের ভাই জায়েদ, কিতাব আলী ও ওয়াজেদ আলী এবং তাদের সহযোগী নাসেরসহ ছয়জন এ হামলায় জড়িত।
মাহমুদুল কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড বিসিক এলাকার আশরাফুজ্জামানের ছেলে। তিনি জমি কেনাবেচার ব্যবসা করেন। হামলার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পর পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে গুলির ঘটনায় আলোচনায় আসেন বিএনপি নেতা লিয়াকত আলী ও তার ভাই জায়েদ। ওই ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলায় লিয়াকত আলী কারাগারে যান।
এদিকে গত ১ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় মোহাম্মদ সাঈদ নামের এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক সাঈদের পথরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
টেকনাফে গুলিতে নিহত সেনাসদস্য
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) টেকনাফের গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের অংশগ্রহণে পরিচালিত ওই অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মো. তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়।
এক সপ্তাহের ব্যবধানে এসব হামলা ও গুলির ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সার্বিক বিষয়ে জানতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ছুটিতে ছিলেন। প্রতিবেদকের উত্থাপিত বিষয়গুলো তার জানা নেই। এ কথা বলেই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
